সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ- তোলাবাজি ও এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির অভিযোগে পাণ্ডবেশ্বর থানার পুলিশের হাতে আটক হলেন বৈদ্যনাথপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য কামরুদ্দীন খাঁন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। কামরুদ্দীন সাউথ শ্যামলা কোলিয়ারির শ্রমিক সংগঠনের সম্পাদক হিসেবেও দায়িত্বপ্রাপ্ত ছিলেন। শনিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন এলাকায় অনৈতিক কার্যকলাপ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। সেই ধারাবাহিকতায় পশ্চিম বর্ধমান জেলাতেও শাসকদলের হেভিওয়েট নেতাদের ঘনিষ্ঠরা পুলিশের জালে উঠে আসছেন। ধৃত কামরুদ্দীনের বিরুদ্ধে তোলাবাজি ও এলাকায় ভয়ের বাতাবরণ তৈরির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যদিও গ্রেপ্তারের পর কামরুদ্দীন খাঁন নিজেকে নির্দোষ দাবি করে পুরো বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত বলে অভিহিত করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

















