নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রবিবাসরীয় ভোরে শীতের আমেজ গায়ে মেখে শিল্পাঞ্চল দুর্গাপুরে অনুষ্ঠিত হল ‘রান ফর ডায়াবেটিস’ এবং ‘রান ফর এনভারমেন্ট’ দুর্গাপুর ম্যারাথন 5K। মূলত লায়ন্স ক্লাব অব দুর্গাপুর, জংশনমল দুর্গাপুরের উদ্যোগে ও মোহনবাগান ফ্যান ক্লাবের সহযোগিতায় গত দু’বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যারাথন দৌড় । এবছরের তৃতীয় বর্ষে এক নতুন উদ্দীপনায় এই উদ্যোগে যুক্ত হয়েছে ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন।
শীতের সকালে এই পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ে বহু উৎসাহী অংশগ্রহণকারী যোগ দিয়েছিলেন। পুরুষ ও মহিলা—দুই বিভাগে মোট ১০০০ জন প্রতিযোগী অংশ নেয়। দুই বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া দৌড় সম্পূর্ণকারী প্রত্যেক প্রতিযোগীকে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়।
এই দৌড় প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং দূষণমুক্ত শিল্পাঞ্চল গড়ে তুলে শিল্পাঞ্চলের মানুষদের স্বাস্থ্যকর জীবনযাত্রায় উৎসাহিত করা।
এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ার পার্সন অনিন্দিতা মুখার্জী, অভিনেত্রী ঋতুপর্ণা বসাক সহ বিশিষ্টজনেরা।


















