eaibanglai
Homeএই বাংলায়দূষণে জর্জরিত শিল্প শহরে রঙীন সাজে সেজে উঠেছে প্রকৃতি

দূষণে জর্জরিত শিল্প শহরে রঙীন সাজে সেজে উঠেছে প্রকৃতি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ধোঁয়া ধুলোয় মোড়া দূষণে জর্জরিত শিল্প শহর দুর্গাপুরে যেন এক টুকরো সবুজের ছোঁয়া। লাল নীল সবুজ, যেন রঙের মেলা বসেছে দুর্গাপুরের বিধান নগরের ফিলিপস কার্বন ব্ল্যাক লিমিটেড (পিসিবিএল) সংস্থার কর্মী আবাসনে। মূলত প্রতিবছরই শীতের শেষে বসন্তের শুরুতে পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয় এই বেসরকারি সংস্থার আবাসনে। আর এর মূল উদ্যোক্তা থাকেন কলোনির গৃহবধূরা। তাঁদের যত্ন ও পরিকল্পনাতেই সেজে ওঠে কলোনির বাগানগুলি।

এবার ৪৬ জন গৃহবধূ এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তবে এবারের প্রদর্শনীতে শুধু ফুলের বাহার নয় নজর কেড়েছে রাসায়নিক সারবিহীন জৈব পদ্ধতিতে উৎপাদিত রকমারি সবজি। সোমবার সকাল থেকেই পুষ্প প্রদর্শনী ঘিরে কলোনিতে ছিল বাড়তি উৎসাহ। এদিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব প্রতিযোগীকেই পুরস্কৃত করা হয় বেসরকারি সংস্থার তরফে।

এদিন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী এক গৃহবধূ সুতপা চৌধুরী বলেন, “এই প্রদর্শনীর মাধ্যমে আবাসন যেমন রঙীন সাজে সেজে ওঠে তেমনি এই গাছ গাছালি আমাদের আবাসনকে দূষণমুক্তও করে তোলে। এই কাজে স্বামীরাও আমাদের পাশে থাকেন। পাশাপাশি শিশুদের মধ্যেও গাছ-ফুলের প্রতি আগ্রহ বাড়ে। এভাবে যদি সবাই ফুলের বাগান আর দেশি গাছ লাগানোয় এগিয়ে আসেন তাহলে শিল্পাঞ্চলের দূষণ অনেকটাই কমবে।”

অন্যদিকে ওই বেসরকারি কারখানার আধিকারিক সন্দীপ চৌধুরী বলেন,”দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলা ও পরিবেশ বাঁচানোর বার্তা দিতেই মূলত প্রতিবছর এই পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। এখানে যারা অংশগ্রহন করছে তাঁরা সকলেই গৃহবধূ। সকলেই স্বতঃস্ফূর্ততায় সেজে উঠেছে এই আবাসন।”

প্রসঙ্গত উল্লেখ্য, এই কয়েকদিন শহরের ফুলপ্রেমীরা বাগানগুলি পরিদর্শন করতে ভীড় জমান সংস্থার কর্মী আবাসনে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments