সঙ্গীতা চৌধুরীঃ- চিন্তাতেই মানুষ শেষ হয়ে যায় ধীরে ধীরে তুষের আগুনের মত! কিন্তু চিন্তা আমাদের অতীত না বর্তমানকে কেন্দ্র করে হয়? এই নিয়ে আমাদের মনেও হাজারও প্রশ্ন ঘোরাফেরা করে। একবার একজন ভক্ত প্রশ্ন করেছিলেন, চিন্তা কি বর্তমানকে নিয়ে কাজ করে না? তার উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেছেন, ‘আপনি নিজেই বিচার করুন। একটা নতুন জিনিস দেখলে বা শুনলে চিন্তা সেটিকে অতীত অভিজ্ঞতার সাহায্যে বুঝতে চেষ্টা করে, এবং প্রয়োজন মতো অতীত অভিজ্ঞতার সঙ্গে আরও কিছু যোগ বা বিয়োগ করে। প্রথমটি স্মৃতি এবং দ্বিতীয়টি স্মৃতির উপর ভিত্তি করে কল্পনা। কিন্তু কোন অনুভূতির সময় এই প্রক্রিয়া চলে কি? না। …. তাহলে আমরা দেখলাম, মনের মধ্যে কেবল চিন্তাই নেই, অনুভূতিও আছে। এই অনুভবকে কেন্দ্র করে বা ধরে আমরা মনের নতুন দিগন্ত আবিষ্কার করতে পারি।’



















