নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রতিবছরের মতো এবছরও দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) আয়োজিত আন্তঃকেন্দ্রীয় বিদ্যুৎ খাত আন্ডারটেকিংস (আইসিপিএসইউ) ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হল। পাওয়ার স্পোর্টস কন্ট্রোল বোর্ড (পিএসসিবি) এর তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টটি ১৮ থেকে ২১ ফেব্রুয়ারী সিটিসেন্টারের শহীদ ভগত সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ১৮ই ফেব্রুয়ারী একটি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টটি শুরু হয়েছিল, যেখানে দুর্গাপুরের সংসদ সদস্য কীর্তি আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এবারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় বিবিএমবি।
এবার ছিল আইসিপিএসইউ ফুটবল টুর্নামেন্টের ৮ম বর্ষ। যেখানে নয়টি প্রধান কেন্দ্রীয় বিদ্যুৎ খাতের উদ্যোগ যেমন- বিদ্যুৎ মন্ত্রণালয়, এসজেভিএন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, এনএইচপিসি, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, গ্রিড ইন্ডিয়া, বিবিএমবি, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এবং ডিভিসি অংশগ্রহণ করেছিল।
শেষ দিন, ২১শে ফেব্রুয়ারী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং অত্যন্ত প্রতীক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি হয় বিবিএমবি এবং গ্রিড ইন্ডিয়ার মধ্যে। রোমাঞ্চকর এই ম্যাচে চমৎকার কৌশল এবং দলগত কর্মদক্ষতা প্রদর্শন করে বিবিএমবি, গ্রিড ইন্ডিয়াকে ২-০ গোলে হারিয়ে ৮ম আইসিপিএসইউ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ছিল ডিভিসি এবং পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মধ্যে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে ডিভিসি টাই-ব্রেকারে ৫-৩ গোলে জিতে তৃতীয় স্থান অর্জন করে। একটি গোল করা বিপদকে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিসির চেয়ারম্যান, শ্রী এস. সুরেশ কুমার। মূলত বিদ্যুৎ খাতে ক্রীড়া সংস্কৃতিকে শক্তিশালী করার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। যা কর্মচারীদের মধ্যে ঐক্য, দলবদ্ধতা এবং সুস্থ প্রতিযোগিতাকে তুলে ধরে।


















