eaibanglai
Homeএই বাংলায়রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিহারে অবৈধ অস্ত্র কারখানায় এসটিএফের হানা, গ্রেফতার পাঁচ

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিহারে অবৈধ অস্ত্র কারখানায় এসটিএফের হানা, গ্রেফতার পাঁচ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গোপন সূত্রে খবর পেয়ে বিহারে অবৈধ অস্ত্র কারখানায় অভিযান চালাল রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে।

জানা গেছে বিহারের ভাগলপুর জেলার মধুসূদনপুর থানা এলাকায় চলতে থাকা একটি অবৈধ অস্ত্র কারখানার সন্ধান পায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। এরপর বিহার পুলিশের এসটিএফ ও স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে কুড়িটি অর্ধসমাপ্ত ৭.৬৫ এমএম পিস্তল, আটটি পিস্তলের ব্যারেল, লেদ মেশিন, ড্রিল মেশিন-সহ আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম। পুলিশ আধিকারিকদের অনুমান, এই উচ্চমানের অস্ত্র তৈরির পেছনে সক্রিয় পাচারচক্র কাজ করছিল।
একটি স্পিনিং মিলের আড়ালে গোপনে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারবার চলছিল। অভিযানে ধরা পড়ে কারখানা ঘরের মালিক মহম্মদ নাসির আনসারী-সহ মোট পাঁচজন।

প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতার গড়িয়াহাট এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকেই ভাগলপুরের ওই অস্ত্র কারখানার খোঁজ মেলে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই অস্ত্র কারখানায় তৈরি অস্ত্র পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ব্যবহারের পরিকল্পনা ছিল। বর্তমানে পুলিশ এই অস্ত্র চক্রের মূলচক্রী, সরবরাহকারী এবং সম্ভাব্য রাজনৈতিক যোগাযোগের দিকগুলি খতিয়ে দেখছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments