সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে। বাদ নেই পশ্চিম বর্ধমান জেলাও। জেলাজুড়েই তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া ও কার্যালয় দখল করে নেওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছে। এরই মধ্যে একেবারে অন্য ছবি ধরা পড়ল আসানসোলের কুলটিতে। এখানে ফরওয়ার্ড ব্লকের দখল করে নেওয়া দলীয় কার্যালয় ফিরিয়ে দিতে উদ্যোগ নিলেন খোদ নির্বাচিত বিধাক ডাঃ অজয় পোদ্দার।
জানা গেছে, নির্বাচনের ফল প্রকাশের পরে বরাকরে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কার্যালয়ের ঝান্ডা খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভবনের দরজায় তালা ঝুলিয়ে কার্যালয় দখল করে নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে নব নির্বাচিত বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন কুলটির ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ভবানী আচার্য্য। এরপরই বুধবার সকালে নিজে উপস্থিত থেকে ফরওয়ার্ড ব্লকের সেই কার্যালয় তালা খুলে দেওয়ার ব্যবস্থা করেন অজয়বাবু।
এদিন বিজেপি বিধায়ক বলেন, “কুলটি বিধানসভায় কোনো অশান্তি মেনে নেওয়া হবে না। মঙ্গলবার আমি ফরওয়ার্ড ব্লক অফিসের ঘটনা জানতে পারি। সঙ্গে সঙ্গে যারা এই কাজ করেছে, তাদের ডেকে পাঠাই। সতর্ক করার পাশাপাশি, তাদের কাছ থেকে চাবি চাই এবং যাদের অফিস যাদের, তাদেরকে তা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। “
অন্যদিকে, ফরওয়ার্ড ব্লকের নেতা ভবানী আচার্য বলেন, “দুদিন আগে এই অফিস দখল করে নেওয়া হয়েছিলো। এদিন বিজেপি বিধায়ক নিজে অফিসের তালা খুলে, তা ফিরিয়ে দিয়েছেন।”
তিনি আশা প্রকাশ করেন বিজেপি বিধায়ক এলাকায় শান্তি বজায় রাখতে সক্রিয় হবেন।


















