eaibanglai
Homeএই বাংলায়টোল প্লাজা: 'গেরুয়া' আবহে তোলাবাজির অভিযোগ ঘিরে তুঙ্গে বিতর্ক

টোল প্লাজা: ‘গেরুয়া’ আবহে তোলাবাজির অভিযোগ ঘিরে তুঙ্গে বিতর্ক

সংবাদদাতা,আসানসোল -: রাজ্য সরকারের নির্দেশে বর্তমানে জেলা পরিষদ ও কর্পোরেশনের টোল ট্যাক্স আদায় বন্ধ থাকলেও রূপনারায়ণপুর টোল প্লাজাকে কেন্দ্র করে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাত নামলেই কিছু অসাধু ব্যক্তি গলায় গেরুয়া গামছা জড়িয়ে নিজেদের বিজেপি সমর্থক পরিচয় দিয়ে গাড়ি থামিয়ে জোরপূর্বক টাকা তুলছে। এই ঘটনায় চালক ও পরিবহণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

​ বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়। তিনি স্পষ্ট জানান, “স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত টোল বন্ধ থাকবে। কেউ দাদাগিরি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।

​অন্যদিকে, এই টোল প্লাজাকে ঘিরে প্রশাসনিক দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে সরব হয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রাহুল কুমার সিং। জানা গিয়েছে, গত ৯ মে একদল জনতা টোল আদায় বন্ধ করে দেওয়ার পর থেকে কোষাগারে কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ই-নিলামে ‘মেসার্স শুভম এন্টারপ্রাইজ’ ৯.২৪ কোটি টাকার সর্বোচ্চ দর দিয়ে বরাত পেলেও চার মাস ধরে তাদের ‘লেটার অফ ইনটেন্ট’ দেওয়া হয়নি। কেন এই ফাইল আটকে, তা নিয়ে পঞ্চায়েতমন্ত্রী ও জেলাশাসককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৈধ বরাত থাকা সত্ত্বেও কেন লিজ এগ্রিমেন্ট ঝুলে আছে এবং এই বিপুল আর্থিক ক্ষতির দায় কে নেবে— এখন সেই প্রশ্নই ঘুরছে এলাকার ট্রাক স্ট্যান্ড থেকে রাজনৈতিক মহলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments