সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বিধায়ক হয়েছিলেন আগেই, রাজ্যে পালা বদলের পর নতুন করে মন্ত্রীত্বের দায়িত্ব বেড়েছে, বেড়েছে ব্যস্ততাও। তার মাঝেই জাতীয় চিকিৎসক দিবসে বিনামূল্যে শতাধিক রোগী দেখলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী তথা কুলটির বিজেপি বিধায়ক চিকিৎসক ডাঃ অজয় পোদ্দার।
এদিন বিধায়কের উদ্যোগে একটি বৃহৎ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যেখানে রোগীর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে পালিত জাতীয় চিকিৎসক দিবসের তাৎপর্য তুলে ধরে ডাঃ পোদ্দার বলেন, চিকিৎসা শুধুমাত্র একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। একজন চিকিৎসক হিসেবে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব প্রত্যেক রোগীর চিকিৎসা করা। রোগী কোন রাজনৈতিক দলের সমর্থক, কোন ধর্ম বা জাতির মানুষ কিংবা তাঁর আর্থিক অবস্থা কি, এসব আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে চিকিৎসার জন্য আসা প্রতিটি মানুষই প্রথমে একজন রোগী। তাঁকে সুস্থ করে তোলাই একজন চিকিৎসকের সর্বোচ্চ ধর্ম।
দীর্ঘ চিকিৎসক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, খুব কাছ থেকে মানুষের অসহায়তা, দারিদ্র্য এবং স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যার সাক্ষী হয়েছেন। সেই অভিজ্ঞতাই তাঁকে আজও মানুষের পাশে থাকার অনুপ্রেরণা দেয়। তাঁর মতে, একজন জনপ্রতিনিধি হিসেবে উন্নয়নের কাজ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই একজন চিকিৎসকের কাছে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোও সমান দায়িত্বের।
স্থানীয়রা জানান, আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্য শিবির অত্যন্ত সাহায্য়কারী। বিধায়ক চিকিৎসকরে এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান তাঁরা।

















