রিমা ঘোষ, হাওড়া -: রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তীকে সাক্ষী রেখে এক মানবিক ও ব্যতিক্রমী পথচলা শুরু করল সমাজসেবী সংগঠন “হাওড়া দীপশিখা ওয়েলফেয়ার সোসাইটি”। সংগঠনের সভাপতি স্বপন নাথ, সম্পাদক বিনীত চক্রবর্তী ও কোষাধ্যক্ষ প্রণব চক্রবর্তীর দীর্ঘদিনের প্রচেষ্টায় এবার প্রত্যন্ত এলাকায় চিকিৎসার আলো পৌঁছাতে অনুমোদন পেল “মোবাইল মেডিকেল ইউনিট”। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এই বিশেষ প্রকল্পের ছাড়পত্র মিলেছে।
সম্প্রতি আমতার “মঙ্গলদ্বীপ ভবন” অডিটোরিয়ামে প্রায় ৭০ জন বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে প্রকল্পটির প্রাক-প্রকাশ অনুষ্ঠান সার্থকভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের চিফ অ্যাকাউন্ট্যান্ট সুমিত বসু ও অ্যাডভোকেট কৌস্তভ ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ মণি, মলয় চক্রবর্তী ও সুদীপ্ত সমদ্দার, শিক্ষাবিদ অধ্যাপক ড. নিখিলেশ মেটিয়া, সদানন্দ গঙ্গোপাধ্যায়, সোমনাথ চৌধুরী, সোমনাথ মজুমদার ও জয়িতা চক্রবর্তী, ডা. সৌরভ সাঁতরা এবং ডা. এস. কে. মামুদ। সাংস্কৃতিক আবহে জনকল্যাণমুখী এই প্রকল্পের সূচনা ও সংগঠনের কর্মকর্তাদের দূরদর্শী চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই।


















