নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে মর্মান্তিক মৃত্যু কিশোরের। তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে ভাই ও বন্ধুদের সঙ্গে জলাশয়ে স্নান করতে নেমে ঘটে যায় দুর্ঘটনা। মৃত্যু হয় বছর ১৫-এর সন্দীপ গড়াইয়ের।
দুর্গাপুরের শ্রীনগর পল্লীর বাসিন্দা সন্দীপ। জানা গেছে মঙ্গলবার দুপুরে ভ্যাপসা গরমে নিজের ভাই ও বন্ধুদের সঙ্গে স্টিলটাউনশিপ সংলগ্ন বসুন্ধরা পার্কের জলাশয়ে স্নান করতে গিয়েছিল সন্দীপ। সকলে মিলে জলে স্নান করতে নামলে হঠাৎ তলিয়ে যায় সন্দীপ। ঘটনাটি নজরে আসতেই আশেপাশের লোকজন ছুটে যায় ও জলাশয়ে নেমে তল্লাশি শুরু করে। প্রায় ২০ মিনিট পর সন্দীপকে উদ্ধার করে ডিএসপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে আচমকা ঘটে যাওয়া এই দুর্ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা লক্ষ্মী শর্মা জানান, গ্রীষ্মের দিনগুলিতে আশপাশের এলাকা থেকেও অনেকে ওই জলাশয়ে স্নান করতে আসে। সেই রকমই দুই ভাই স্নান করতে এসেছিল।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

















