ন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে আসানসোলের শিল্পতালুকে বুলডোজ়ার চলছেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্য জুড়ে তৎপরতা শুরু করেছে প্রশাসন। অন্যদিকে আসানসোল শিল্পাঞ্চলে সেল আইএসপির উদ্যোগেও চলছে অবৈধ উচ্ছেদ অভিযান।
শনিবার আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর বার্নপুর স্টেশন সংলগ্ন কার্যালয় ভেঙে দিল সেল আইএসপি বা ইস্কো কারখানা কর্তৃপক্ষ। একইসঙ্গে বার্নপুর এলাকায় সেলের জমিতে গড়ে ওঠা একাধিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ও ক্লাব ঘরেও চলে উচ্ছেদ অভিযান।
সেল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট কার্যালয় ও ক্লাবগুলি অবৈধভাবে সেলের জমি দখল করে নির্মাণ করা হয়েছিল। বহুবার নোটিশ ও সতর্কবার্তা দেওয়ার পরেও দখলদাররা জায়গা খালি না করায় শেষপর্যন্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান সফল হচ্ছে বলে দাবি করে সেলের এক আধিকারিক বলেন, “বর্তমানে পুলিশের পূর্ণ সহযোগিতা পাচ্ছি বলেই আমরা এই পদক্ষেপ কার্যকরভাবে করতে পারছি। আগেও উচ্ছেদ অভিযান হয়েছে। তবে এবার প্রশাসন ও পুলিশের সমন্বয় আরও ভালোভাবে কাজ করছে।”
অন্যদিকে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে , সম্পূর্ণ আইন মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও অবৈধ দখলের বিরুদ্ধে একইভাবে অভিযান চলবে।
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার সেল -এর উদ্যোগে বার্নপুরে বুলডোজার দিয়ে তৃণমূল কংগ্রেসের দুটো পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়। যার মধ্যে একটি বাটা রোড এবং অন্যটি মসজিদ রোড এলাকায়। অভিযোগ সেল আইএসপি -এর জমিতে অবৈধভাবে ওই পার্টিঅফিসগুলি নির্মাণ করা হয়েছিল।


















