সংবাদদাতা, পুরুলিয়া:- ডিবিটি লিংক না থাকলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতা! তাই গ্রামে গঞ্জে প্রান্তিক এলাকাগুলিতে অনলাইন সেন্টারের দ্বারস্থ হচ্ছেন সাধারণ মহিলারা। এদিকে এই সুযোগে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠছে একাধিক অনলাইন সেন্টারের বিরুদ্ধে। অভিযোগ, এই আতঙ্ককে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। কোথাও ‘লিংক আপডেট’, কোথাও আবার ‘অ্যাকাউন্ট ভেরিফিকেশন’-এর নাম করে টাকা তোলা হচছে বলে অভিযোগ সামনে এসেছে।
পুরুলিয়ার বরাবাজার ব্লক জুড়ে এইভাবে টাকা তোলার অভিযোগ উঠছে একাধিক অনলাইন সেন্টারের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে বরাবাজারের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, সকাল হতেই অনলাইন সেন্টারের সামনে লম্বা লাইন। তীব্র গরম ও দাবদাহ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন সাধারণ মানুষ।
এই বিষয়ে বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কে সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, “সরকারি প্রকল্পের টাকা যারা পাচ্ছেন, তারা সকলেই ভবিষ্যতে অন্যান্য প্রকল্পের সুবিধাও পাবেন। কোনো গুজবে কান দেবেন না। প্রয়োজনে সরাসরি ব্লক অফিসে যোগাযোগ করুন।”
অন্যদিকে প্রশাসনিকভাবে জানানো হয়েছে, নতুন করে কোনো ডিবিটি লিংকের প্রয়োজন নেই। যারা সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন, তাদের ডিবিটি লিংক রয়েছে।
এদিকে এই তৎপরতা শুরু করেছে বরাবাজার থানার পুলিশ। বিভিন্ন অনলাইন সেন্টারে গিয়ে পুলিশ সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সেন্টার মালিকদেরও সতর্ক করছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে টাকা তোলার অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।


















