নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে জাতীয় সড়কে অবৈধ পার্কিংয়ের অভিযোগ বহুদিনের। অভিযোগ জাতীয় সড়কে ধারে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা লরির জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছে প্রশাসন। ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বেআইনিভাবে পার্কিং করে রাখা লরি ও অন্যান্য ভারী যানবাহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।
শনিবার রাত থেকে শুরু হয় এই অভিযান। কাঁকসা বাঁশকোপা টোল প্লাজা থেকে জাতীয় সড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা বেআইনিভাবে গাড়ির চালকদের দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করার পর তাদের নথিপত্র খতিয়ে দেখেন কাঁকসা ট্রাফিক গার্ডের আধিকারিকরা এবং গাড়িগুলিকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও বেআইনিভাবে পার্কিং করা গাড়ি চালকেরা গাড়ি দাঁড় করানোর বিষয়ে নানান অজুহাত দিতে থাকে।
কাঁকসা ট্রাফিকের ওসি আশরাফুল ইসলাম জানান, বিভিন্ন ভারী যানবাহন জাতীয় সড়কের অধিকাংশ জায়গা দখল করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার কারনে জাতীয় সড়ক সংকীর্ণ হয়ে যায়। যার জেরে দ্রুত গতিতে গাড়ি চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে বেআইনিভাবে পার্কিং করা গাড়িগুলি হঠাৎ জাতীয় সড়কের উঠতে যাওয়ার সময় পিছন থেকে আসা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনা রুখতে তাদের এই অভিযান লাগাতার চলবে।


















