সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাতের অন্ধকারে পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা। গুঁড়িয়ে দেওয়া হল চারচাকা গাড়ি। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের চান্দাই গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পঞ্চায়েত প্রধানের বাড়িতে গেলেন বিজেপি নেতৃত্ব।
তৃনমূল পরিচালিত বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিনা বেগমের চান্দাই গ্রামের বাড়িতে গতকাল রাতে চড়াও হয় একদল দুষ্কৃতী। বাড়ির কাঁচের সমস্ত দরজা ও জানালা ভেঙে ফেলা হয়। বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির ভেতরে কার্যত তান্ডব চালায় দুষ্কৃতীরা। ব্যপক ভাঙচুর চালানো হয় পঞ্চায়েত প্রধানের একটি গাড়িতেও। খবর পেয়ে তড়িঘড়ি গ্রামে পৌঁছয় পুলিশ। যদিও পুলিশ গ্রামে পৌঁছানোর আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা।
জানা গেছে ঘটনার সময় আক্রান্ত গ্রাম পঞ্চায়েত প্রধান স্থানীয় বিজেপি নেতাকে ফোন করলে মূলত তার উদ্যোগেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এদিকে ঘটনার পর আজ সকালে আক্রান্ত পঞ্চায়েত প্রধানের বাড়িতে পৌঁছে তাকে আশ্বস্ত করেন বিজেপির ৩ নম্বর মন্ডলের সভাপতি ধনঞ্জয় গরাই। পাশাপাশি ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠলেও হামলার সঙ্গে বিজেপি যোগের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, “রাজ্য সভাপতি ও জেলা সভাপতির কড়া নির্দেশ রয়েছে যাতে এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাদের নির্দেশ মতো এলাকার বিজেপি নেতা কর্মীরা বিষয়টি নিয়ে সজাগ ও সতর্ক রয়েছে। নির্বাচনের ফল বেরোনোর পর থেকে এলাকায় কোন অপ্রীতিকর বা হিংসার ঘটনা ঘটেনি। এটা কোন বক্তিগত বিবাদের জের হতে পারে। এই ঘটনার সঙ্গে বিজেপি দলের কেউ যুক্ত নেই।”
অন্যদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ।


















