নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– অবৈধভাবে বালি পাচার ও সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতার হলেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সেই প্রভাবশালী তৃণমূল নেতা গৌতম ঘোষ। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন বলে অভিযোগ। এরপর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ । অবশেষে বুধবার তাকে গ্রেফতার করে ফরিদপুর থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
অজয় নদ থেকে অবৈধ বালি পাচার, খনি অঞ্চল থেকে অবৈধ কয়লা কারবার, সিন্ডিকেট রাজ এবং সন্ত্রাসের অভিযোগে বারবার নাম উঠে এসেছে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের তৃণমূল সভাপতি গৌতম ঘোষের। স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূলের ছত্রচ্ছায়ায় গড়ে উঠেছিল অবৈধ কারবারের চক্র। অন্যদিকে
বিজেপির আরও অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এবং পরে বিরোধী কর্মী-সমর্থকদের উপর হামলা, মারধর, হুমকি এবং ভোটারদের প্রভাবিত করার ঘটনায় সক্রিয় ভূমিকা ছিল গৌতম ঘোষের। বিজেপির এক নেতার কথায়, গৌতম ঘোষ শুধুমাত্র একজন তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন না, এলাকায় গড়ে ওঠা সিন্ডিকেটের মাথাও ছিলেন তিনি।
অন্যদিকে পুলিশের দাবি, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। প্রমাণ মিলতেই তাকে গ্রেপ্তার করা হয়। এদিন ধৃত নেতাকে আদালতে পেশ করার সময় বিজেপির কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দিতে থাকে।



















