সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তৃণমূলের পদাধিকারী নেতারা। এই আবহে পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সিধান মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধর, হুমকি দেওয়া ও নির্বাচন সহ বিভিন্ন সময়ে হামলা চালানোর অভিযোগ রয়েছে। এর পাশাপাশি বালি পাচারের অভিযোগ, সহ পঞ্চায়েতের টাকা তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নির্বাচনের সময় রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে বিরোধী দলের নেতা ও কর্মীদের নানান ভাবে হুমকি দেওয়া, তাদের ওপর হামলা চালানোর সঙ্গে যুক্ত ছিল এই সিধান মন্ডল বলে দাবি বিজেপির। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ধৃত অভিযুক্ত নেতা।
বৃহস্পতিবার আসানসোল আদালতে নিয়ে যাওয়ার সময় রানিগঞ্জ থানা চত্বরে তিনি বলেন, “অযথা মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে আমাকে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে গিয়ে হেনস্তা করা হচ্ছে, সেখানে আমার মতো প্রধান ও উপপ্রধানদের এই অবস্থা তো হবেই। আইনের সাহায্যে এর মোকাবিলা করবো।”
যদিও পুলিশের তরফে জানানো হয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই উপপ্রধান সিধান মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।
আসানসোল দক্ষিণ গ্রামীণ অঞ্চলের মণ্ডল সভাপতি পরিমল মাজি এই গ্রেফতার প্রসঙ্গে বলেন,”তৃণমূলের নেতা ও কর্মীরা যেভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে অন্যায় অবিচার অত্যাচার ও লুটপাট চালিয়েছে তার অভিযোগ দিকে দিকে জমা পড়ছে। এর ফলে বড় রাঘববোয়াল থেকে শুরু করে ছোট নেতা সকলেই পুলিশের জালে ধরা পড়ছে। যে হারে গ্রেফতারের ঘটনা ঘটছে, তাতে দেখা যাবে একটা সময় ব্রিগেড গ্রাউন্ড ভরে যাবে।”


















