সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সরকারি প্রকল্পের দুর্নীতি এবং কাটমানি কাণ্ডে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দেখা দিচ্ছে দিকে দিকে। এবার মৃত শ্রমিকের পরিবারের জন্য বরাদ্দ আর্থিক ক্ষতিপূরণ থেকেও ‘কাটমানি’ আদায়ের গুরুতর অভিযোগে উঠল পূর্ব বর্ধমান জেলার বুদবুদের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অনুপ মেটের বিরুদ্ধে। এ ছাড়াও তোলাবাজি, অবৈধ উপায়ে বালি ব্যবসা, আবাস প্রকল্পে অনিয়ম-সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করেছে বুদবুদ থানার পুলিশ।
এদিকে পঞ্চায়েত প্রধানের গ্রেফতারির খবর জানাজানি হতেই বুধবার বুদবুদ থানার সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখানে থাকেন। তাকে আদালতে পেশ করার জন্য গাড়িতে তোলার সময় ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। দিতে থাকে “চোর চোর” স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য থানা চত্বরে উত্তেজনা ছড়ায়।
অন্যদিকে এই গ্রেফতার প্রসঙ্গে গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র বলেন, “যারা দুর্নীতি করেছে, তাদের কাউকেই ছাড়া হবে না। আমরা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। মানুষের টাকা লুট করে যারা বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের প্রত্যেকের হিসাব হবে।”



















