নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কেউ ৩০ লক্ষ, কেউ বা তারও বেশি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। অথচ মিলছে না নূন্যতম পরিষেবা। প্রতিবাদে সোমবার দুর্গাপুরের বিধাননগরের কালীগঞ্জ সংলগ্ন টেটিখোলার কাছে এক বহুতল আবাসনের আবাসিকদের একাংশ বিক্ষোভে সামিল হলেন।
আবাসিকদের অভিযোগ বহুতলে ঠিকমতো লিফট চলে না । ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। এমনকি প্রতিবাদ জানালে জুটছে বিল্ডারের হুমকি। ফলে আবাসনের যেকোনো সমস্যা দেখা দিলে নিজেদের টাকা খরচ করে তা সমস্যার সমাধান করতে হয়।
এদিকে যার বিরুদ্ধে অভিযোগ দীপক ভট্টাচার্য্য নামে ওই বিল্ডার অবশ্য অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা সাফাই দিয়েছেন। তার দাবি আবাসিকদের জন্য তার ব্যবসা লাটে উঠতে বসেছে।
আবাসিকদের অভিযোগ, এক আধবার নয়, বিভিন্ন জায়গায় বেশ কয়েকবার চিঠি চাপাটি করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এবার অভিযুক্ত বিল্ডারের বিরুদ্ধে অভিযোগ জানাতে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির দ্বারস্থ হবেন। তাতেও কাজ না হলে আবাসনের সমস্ত আবাসিক মিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ আবাসিকরা।


















