নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জমিদাতাদের বঞ্চিত করে বহিরাগত ও নাবালক শ্রমিক নিয়োগের অভিযোগ ঘিরে সোমবার উত্তেজনা ছড়াল দুর্গাপুর-ফরিদপুর ব্লকরে কাঁটাবেড়িয়া এলাকার একটি বেসরকারি কারখানায়। স্থানীয়দের নিয়ে বিক্ষোভে সামিল হয় বিজেপি।
বিক্ষোভকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট বেসরকারি কারখানার নার্সারিতে স্থানীয়দের উপেক্ষা করে বিহার থেকে বহিরাগত শ্রমিক, এমনকি নাবালকদেরও কাজে নিয়ে নিয়োগ করা গচ্ছে। অথচ যারা ওই প্রকল্পের জন্য জমি দিয়েছিলেন, সেই জমিদাতা পরিবারের সদস্যদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পুনরায় কাজে বহালের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ সেই দাবিতে কোনও সাড়া দেয়নি।
এদিন বিক্ষোভে সরব স্থানীয়রা দাবি করেন, অবিলম্বে স্থানীয় যোগ্য শ্রমিকদের কাজে নিয়োগ করতে হবে এবং যাদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের পুনর্বহাল করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
অন্যদিকে স্থানীয়দের এই বিক্ষোভ নিয়ে বিজেপির পাণ্ডবেশ্বর মণ্ডল-৪-এর সম্পাদক সন্তোষ গুঁই বলেন, “তৃণমূলের মদতে বহিরাগতদের কাজে ঢুকিয়েছে কর্তৃপক্ষ। যারা জমিদাতা ছিলেন, তাদেরই কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। একাধিকবার তাদের পুনর্বহালের দাবি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। এই ঘটনার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং পুলিশের কাছেও লিখিত অভিযোগ জানানো হবে।”
এদিকে বিক্ষোভের জেরে এলাকায় সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।


















