সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- জামুড়িয়ার প্রভাবশালী প্রাক্তন তৃণমূল বিধায়কের পুত্রের অফিসে হঠাৎ পুলিশের অভিযান ঘিরে চাঞ্চল্য তৈরি হল। তবে কী কারণে এই অভিযান চালানো হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরে রাম সিংয়ের পুত্র প্রেমপাল সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের একাংশের মতে বিগত শাসক দল ক্ষমতায় থাকাকালীন জামুড়িয়ার ‘ত্রাস’ হিসেবে পরিচিত ছিলেন প্রেমপাল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জামুড়িয়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে হরে রাম সিং জয়ী হওয়ার পর গত পাঁচ বছরে প্রেমপাল সিংয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দলীয় অন্দরেও একাধিকবার প্রশ্ন উঠেছিল। স্থানীয় রাজনীতিতে তার প্রভাব ও দাপট নিয়েও নানা আলোচনা ছিল। এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক জনসভা থেকে তার আচরণ নিয়ে প্রাক্তন বিধায়ক হরে রাম সিংকে প্রকাশ্যে সতর্ক করেছিলেন।
তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই প্রেমপাল সিং জনসমক্ষে কার্যত অনুপস্থিত। এরই মধ্যে বুধবার পাণ্ডবেশ্বরের বহুলায় তার অফিসে পুলিশ আকস্মিক তল্লাশি অভিযান চালায়, যা প্রেমপাল সিংকে ফের রাজনৈতিক চর্চার কেন্দ্রে নিয়ে এসেছে। বিশেষ করে নতুন সরকার ক্ষমতায় আসার পর যেভাবে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে রাজ্য জুড়ে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রী বিধায়ক কাউন্সিলর থেকে সাধারাণ কার্যকর্তারা গ্রেফতার হচ্ছেন তাতে সাধারণের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে।
যদিও এই অভিযানের উদ্দেশ্য, তদন্তের বিষয় বা তল্লাশিতে কী উদ্ধার হয়েছে, সে সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য প্রকাশ করেনি।


















