eaibanglai
Homeএই বাংলায়চাকরির নামে প্রতারণার অভিযোগে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে ভাঙচুর দুর্গাপুরে

চাকরির নামে প্রতারণার অভিযোগে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে ভাঙচুর দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শিল্প শহরের বিভিন্ন কারখানায় অস্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করতো তৃণমূল কংগ্রেস নেতারা। এমনই অভিযোগ তুলে দুর্গাপুরের ইস্পাত নগরীর চৈতন্য এভিনিউতে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে ভাঙচুর চালাল বিক্ষুব্ধ জনতা। প্রতিবাদে সামিল হয় বিজেপিও। অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের ওই কার্যালয় থেকেই দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নামে চলতো প্রতারণা ও দুর্নীতি।

স্থানীয়দের একাংশের অভিযোগ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ওই কার্যালয় থেকেই দীর্ঘদিন ধরে নানা ধরনের অবৈধ কাজকর্ম পরিচালিত হতো এবং তার নেপথ্যে ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের একাধিক নেতা। বিভিন্ন কারখানায় অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু বেকার যুবক-যুবতীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও, শেষ পর্যন্ত অনেকেই চাকরি পাননি। এমনকি তৃণমূল সরকারের আমলে এই বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাকে হুমকির মুখে পড়তে হতো বলেও দাবি। প্রতিবাদে এদিন ওই কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ প্রতারিতরা।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেত্রী সুমনা ভট্টাচার্য বলেন, “টাকা নিয়ে বহু মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা প্রতারিত মানুষের পাশে দাঁড়িয়েছি। হয় চাকরি দিতে হবে, না হলে টাকা ফেরত দিতে হবে। ভবিষ্যতে যাতে এই কার্যালয় থেকে আর কোনও মানুষ প্রতারিত না হন, সেই কারণেই আমরা এই কার্যালয়ের দখল নিয়েছি।”

অন্যদিকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি চুরি লুঠপাটের উদ্দেশ্যে দলীয় কার্যালয়ে হামাল চালিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। বিজেপি আর চুরি তো সমার্থক শব্দ। বাড়িতে তালা দিয়ে মানুষের শান্তি নেই। বিজেপি দখল করতে পারে, চুরি করতে পারে। এই হচ্ছে বাংলার পরিবর্তনের সরকার। বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামার কথাও জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments