সংবাদদাতা,বাঁকুড়াঃ- কাজ দেওয়ার নামে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল। ঘটনা বাঁকুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের কেরানিবাঁধ এলাকার। ঘটনায় বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত যুবকের স্ত্রী।
আক্রান্ত যুবকের নাম তারকনাথ মিশ্র, তিনি বেলগড়িয়ার বাসিন্দা। অভিযোগ, পুরনো শত্রুতার জেরে কেরানিবাঁধের বাসিন্দা গোপাল গরাই শনিবার সকালে তারকনাথকে কাজ দেওয়ার নাম করে পাতাকলা কুন্ডু রাইস মিলে ডেকে নিয়ে যায়। কিন্তু সেখানে কাজ দেওয়ার বদলে তারকনাথের হাত-পা গামছা দিয়ে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। মারধরের জেরে যুবকের হাত-পা ভেঙে যায়। এই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয় বলেও দাবি যুবকের পরিবারের।
যদিও তারকনাথ মিশ্রর স্ত্রীর দাবি, ঠিক কী কারণে এই হামলা চালানো হলো তা তাদের কাছে অজানা। দোষীদের শাস্তির দাবি জানিয়েপুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অন্যদিকে বাঁকুড়া সদর থানার পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।


















