সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে গ্রাহক সেজে সোনার দোকানে চুরির চেষ্টা করে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক চোর। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল এলাকার।
জানা গেছে সোমবার আনুমানিক বেলা সাড়ে এগারোটা নাগাদ অন্ডাল মোড়ের উখড়া অন্ডাল রাস্তার পাশে কুণ্ডু মার্কেটে একটি সোনার দোকানে গ্রাহক সেজে ঢোকে এক যুবক এবং গয়না দেখার নাম করে একটি গয়না নিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি নজরে আসতেই দোকান মালিকের চিৎকার শুরু করেন। তাতে সতর্ক হয়ে যান আশেপাশের লোকজন এবং ওই যুবককে ধাওয়া করলে স্থানীয় একটি ঢোপের মধ্যে ঢুকে পড়ে ওই যুবক। খবর দেওয়া পুলিশে। খবর পেয়ে তড়ঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় অন্ডাল থানার পুলিশ এবং স্থানীয়দের মদতে ঝোপের মধ্যে আত্মগোপন করে থাকা চোরকে পাকড়াও করে। তার পকেট থেকে উদ্ধার হয় সোনার গহনা। এরপর পুলিশ যুবককে পাকড়াও করে থানায় নিয়ে যায়।
ঘটনা প্রসঙ্গে দোকান মালিক শ্রীকান্ত পাল বলেন, যুবকটি গ্রাহক সেজে দোকানে এসে আমাকে বলে একটা নাকের সোনার নথ দেখাতে। সোনার নথ তাকে দেখাতেই সঙ্গে সঙ্গেই সেটা হাতে নিয়ে দৌড়ে পালায়।
অন্যদিকে পুলিশের তৎপরতায় খুশি প্রকাশ করেছে অন্ডাল এলাকার ব্যবসায়ী মহল।


















