eaibanglai
Homeএই বাংলায়রথের মেলায় 'রাম রাজ্য', নয়া উদ্যোগ দুর্গাপুরের ইসকন কর্তৃপক্ষের

রথের মেলায় ‘রাম রাজ্য’, নয়া উদ্যোগ দুর্গাপুরের ইসকন কর্তৃপক্ষের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভারতীয় আদর্শের অন্যতম প্রতীক শ্রীরামের জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এক অভিনব উদ্যোগ নিয়েছে দুর্গাপুরের ইসকন কর্তৃপক্ষ। রথযাত্রার মেলায় এবার জীবন্ত হয়ে উঠবে রামায়ণের নানা চিত্র। ভক্ত ও দর্শনার্থীদের সামনে ফুটে উঠবে প্রভু শ্রীরামের জীবনকাহিনি। রামের শৈশব, ঋষি বিশ্বামিত্রের সঙ্গে যাত্রা, সীতার স্বয়ংবর, চৌদ্দ বছরের বনবাস, সীতাহরণ, হনুমানের লঙ্কা অভিযান, রাবণবধ এবং অযোধ্যায় প্রত্যাবর্তন, একের পর এক ঘটনা তুলে ধরা হবে প্রদর্শনীর মাধ্যমে।

প্রসঙ্গত দুর্গাপুর ইসকনের উদ্যোগে টানা ১৮ বছর ধরে সাড়ম্বরে পালিত হয়ে আসছে রথযাত্রা উৎসব। প্রতি বছরই হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠে রথের পথ। দুর্গাপুরের আকবর রোড ময়দানে করা হচ্ছে অস্থায়ী মাসির বাড়ি। এখানে ৭ দিন অবস্থান করেন মহাপ্রভু। যেখানে রাজস্থানের জৈন মন্দিরের আদলে তৈরি হচ্ছে গুন্ডিচা মন্দির । আর সেখানেই প্রভু রামের জীবন কাহিনী ফুটে উঠছে।

ইসকনের প্রধান সেবাইত ঔধর্য চন্দ্র দাস বলেন,” এবারের রথের মেলার মূল আকর্ষণ হতে চলেছে প্রভু শ্রীরামের জীবনভিত্তিক বিশেষ প্রদর্শনী। আলোকসজ্জা, শিল্পকর্ম ও বিভিন্ন দৃশ্যের মাধ্যমে রামায়ণের ঘটনাবলি এমনভাবে উপস্থাপন করা হবে, যাতে দর্শনার্থীরা শুধু দেখবেনই না, অনুভবও করতে পারবেন রামের আদর্শ, ত্যাগ, সত্যনিষ্ঠা ও ধর্মরক্ষার বার্তা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং নান্দনিক উপস্থাপনার এই মেলবন্ধন এবারের রথের মেলায় নতুন মাত্রা যোগ করবে।”

এই ব্যতিক্রমী উদ্যোগ ভক্তদের পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যেও ভারতীয় ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি নতুন আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন শহরের গুণীজনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments