নিজস্ব সংবাদাতা,দুর্গাপুরঃ- দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার পর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দুর্গাপুরে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নেতা কর্মীরা। তৃণমূল নেতার ছবিতে একের পর এক ডিম ছুঁড়ে ও জুতোর মালা পরিয়ে তীব্র প্রতিবাদ জানালেন তাঁরা। সোমবার দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের সামনের রাস্তায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েক দলীয় কার্যালয়টি অবৈধ দখলদারির অভিযোগে প্রশাসনিক উদ্যোগে ভেঙে দেওয়া হয়। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “২০৩১ সালে তৃণমূল পুনরায় ক্ষমতায় এলে একই আইনের মাধ্যমে রাজ্যের সমস্ত বিজেপি কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হবে।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক বির্তক তৈরি হয়েছে।
এদিন বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি কর্মী-সমর্থকরা দাবি করেন, এই ধরনের বক্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে অশান্ত করে তুলছে । বিজেপির ওবিসি মোর্চার জেলা সম্পাদক স্বাধীন রায় বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের উস্কানিমূলক কথাবার্তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তাই তাঁর ছবিতে ডিম নিক্ষেপ করেছি এবং জুতোর মালা পরিয়ে প্রতীকী বিক্ষোভ দেখিয়েছি। আগামী দিনেও যদি এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য করা হয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”
প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, জমি কিনে সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর কার্যালয় ভাঙা হয়েছে। প্রশাসন পুরোপুরি বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে। এই অন্যায়ের বিরুদ্ধে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানান।




















