সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই প্রশ্ন উঠছিল, দুর্গাপুরের গুরুত্বপূর্ণ মোড়ে কেন ‘বিশ্ব বাংলা’র লোগো বহাল রয়েছে? শাসক দলের একাংশের দাবি ছিল, সরকার বদলালেও পূর্বতন তৃণমূল সরকারের প্রতীক চিহ্ন সরানো হয়নি। সেই বিতর্কেরই কার্যত ইতি টানা হলো সোমবার।
এদিন দুর্গাপুরের অন্যতম পরিচিত স্থাপত্য বিশ্ববাংলা গ্লোবটি প্রশাসনের তত্ত্বাবধানে ক্রেন ও ভারী যন্ত্রপাতির সাহায্যে সরানোর ব্যবস্থা করা হয়। গ্লোব সরানোর সময় এলাকায় নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয় এবং যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়।
দীর্ঘদিন ধরে সিটি সেন্টারের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত এই গ্লোব অপসারণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। পথচারী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করে পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।
এই প্রসঙ্গে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, বিশ্ব বাংলার নাম করে আগের তৃণমূল সরকার অশোক স্তম্ভকে সরিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা এগোচ্ছে। তাই আবার অশোক স্তম্ভ তার যথাযথ মর্যাদা ফিরে পাচ্ছে। সেই কারণেই বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলা হচ্ছে।
যদিও প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে কোন মন্তব্য় করা হয়নি।


















