নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:– রাজ্যে পালা বদলের পর ২১ জুলাইয়ে দুর্গাপুর স্টেশনে ধরা পড়ল এক অন্য ছবি। যে স্টেশন বছরের এই দিনটায় একসময় তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী-সমর্থকের ভিড়ে সরগরম থাকত, মঙ্গলবার সেখানে দেখা গেল সুনসান পরিবেশ। অন্যদিকে কলকাতা গামী তৃণমূল কর্মীদের সাহায্য়ের জন্য জল বিস্কুট নিয়ে অপেক্ষা করতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের।
এদিন স্টেশনে জল বিস্কুট নিয়ে হাজির হন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপির ৩ নম্বর মণ্ডলের সভাপতি তেজ নারায়ণ পান্ডের নেতৃত্বে দলের কর্মীরা। তাঁদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে সৌজন্যের বার্তা দিতেই তাদের এই উদ্যোগ। যদিও দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনও তৃণমূল কর্মী বা সমর্থকের দেখা পাননি তাঁরা।
বিজেপির ৩ নম্বর মণ্ডলের সভাপতি তেজ নারায়ণ পান্ডে বলেন, “তৃণমূলের শাসনকালে বিজেপির কোনও কর্মসূচি থাকলেই আমাদের কর্মীদের পথে আটকানো হতো, গ্রেপ্তার করা হতো, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হতো। কিন্তু এখন সরকার পরিবর্তনের পর আমরা রাজনৈতিক সৌজন্য দেখিয়ে একুশে জুলাইয়ে কলকাতাগামী তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে এসেছিলাম। দুর্ভাগ্যবশত স্টেশন কিংবা ট্রেনে একজন তৃণমূল কর্মীকেও দেখতে পেলাম না।”
প্রসঙ্গত রাজ্যে পালা বদলের আগে এমন বিরল রাজনৈতিক সৌজন্যের দৃশ্য বিশেষ দেখা যায়নি। একসময় যে বিজেপি অভিযোগ করত তাদের সভা-মিছিলের অনুমতি দেওয়া হতো না, আজ সেই দলই বিরোধী শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সৌজন্যের বার্তা দেওয়ার চেষ্টা করেছে।

















