eaibanglai
Homeএই বাংলায়আসানসোলের প্রবেশদ্বার থেকে সরানো হলো ‘বিশ্ববাংলা’ লোগো, বিতর্ক

আসানসোলের প্রবেশদ্বার থেকে সরানো হলো ‘বিশ্ববাংলা’ লোগো, বিতর্ক

সংবাদদাতা, আসানসোল -: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহেই এবার আসানসোলের কালিপাহাড়ি মোড়ে শহরের প্রবেশদ্বারের স্বাগত গেট থেকে সরানো হলো ‘বিশ্ববাংলা’ লোগো। মঙ্গলবার বিকেলে প্রশাসনের তত্ত্বাবধানে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লোগোটি অপসারণ করা হয়।

​জানা গেছে, এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ বিশালাকার ক্রেনের সাহায্যে গেটের ওপর থেকে লোগোটি খুলে নামানো হয়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও।

এই অপসারণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্থানীয় বিজেপি যুব নেতা রাহুল সিং বলেন, লোগোটি বেশ কিছুদিন ধরেই নড়বড়ে অবস্থায় ছিল, যা পথচারীদের জন্য বিপজ্জনক হতে পারত। এ বিষয়ে আসানসোল পুরনিগম ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই প্রশাসন লোগোটি সরিয়ে নিয়েছে।

​উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলায় বিদায়ী তৃণমূল সরকারের ব্যবহৃত ‘বিশ্ববাংলা’ লোগো সরানো বা ভেঙে ফেলার একাধিক ঘটনা সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধী দলের একাংশ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখলেও, শাসকদল প্রশাসনিক নিরাপত্তার অজুহাতকেই সামনে রাখছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments