সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা থেকে জিতে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যাণ দপ্তরের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্ষুদিরাম টুডু। গত ৯মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তিনি পূর্ণমন্ত্রী হিসেবে এই শপথ গ্রহণ করেন। মন্ত্রীত্ব পেয়েই তিনি ছাতনা – মুকুটমনিপুর রেলপথ বাস্তবায়ন নিয়ে আশা প্রকাশ করেছেন। যার ফলে প্রস্তাবিত এই রেলপথ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন এলাকার মানুষ।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই ছাতনা থেকে মুকুটমনিপুর পর্যন্ত রেল সংযোগের দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে।স্থানীয়দের মতে, এই রেলপথ চালু হলে পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। পাশাপাশি এলাকার অর্থনৈতিক বিকাশেও নতুন দিগন্ত খুলবে বলে মনে করছেন সাধারণ মানুষ।
এই প্রসঙ্গে ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, মুকুটমনিপুর রেল প্রকল্পের বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার সহ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরা হবে। তিনি দাবি করেছেন বহুদিনের এই চাহিদা পূরণে তিনি উদ্যোগী হবেন। এই ঘোষণার পর থেকেই খাতড়া ও মুকুটমনিপুর সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে।


















