eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে আইনজীবীদের কর্মবিরতি

দুর্গাপুরে আইনজীবীদের কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে নবনির্মিত মডেল আদালত ভবনে নেই পর্যাপ্ত পরিকাঠামো। এমনই অভিযোগে দুদিনের কর্মবিরতির ডাক দিয়ে প্রতিবাদে সরব হলনে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের নির্দেশে সোমবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে মঙ্গলবার পর্যন্ত।

আইনজীবীদের দাবি, আদালতে বসার উপযুক্ত ব্যবস্থা থেকে শুরু করে ন্যূনতম পরিষেবারও অভাব রয়েছে। এর ফলে সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দিতে সমস্যার পড়তে হচ্ছে। দুর্গাপুর মহকুমা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ জানান, “আইনজীবীদের বসার সঠিক জায়গা নেই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। আমরা চাই দ্রুত প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হোক এবং আমাদের দাবিগুলি পূরণ করা হোক।”

অন্যদিকে এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর পূর্বের নবনির্বাচিত বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি প্রশ্ন তোলেন, “২৮ কোটি টাকার প্রকল্প ৩৮ কোটি টাকায় পৌঁছে গেল কীভাবে। মাঝের টাকা কোথায় গেল, তার তদন্ত হওয়া দরকার। চেয়ার, এসি-সহ আসবাবপত্র কেনাতেও দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির সঙ্গে প্রাক্তন আইনমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কবি দত্ত যুক্ত থাকলে, তাঁরা যেখানেই থাকুন না কেন, খুঁজে বের করা হবে।” পাশাপাশি তিনি জানান, আইনজীবীদের দাবি তিনি রাজ্য সরকারের নজরে আনবেন এবং বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবি জানাবেন।

প্রসঙ্গত এটি রাজ্যের প্রথম অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত মডেল আদালত ভবন। গত বছর সেপ্টেম্বর মাসে দুর্গাপুরে উদ্বোধন হয় নতুন আদালত ভবনের। যার উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments