সংবাদদাতা,বাঁকুড়াঃ- এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সঙ্গে যোগসাজশের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেত্রী। ধৃত নেত্রী বাঁকুড়ার পাত্রসায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক। তার স্বামী সুব্রত দত্ত তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন সভাপতি।
জানা গেছে গত ৩০ মার্চ পাত্রসায়ের থানার অন্তর্গত এলাকায় এক নাবালিকার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় পাত্রসায়েরের স্টেশনপাড়ার বাসিন্দা রোহিত মল্লিক এবং তার মা রুম্পা মল্লিকের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। অভিযোগ, ঘটনার পর মৃতার পরিবার পাত্রসায়ের থানায় অভিযোগ জানাতে গেলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তা আটকে দেন পূরবী। এমনকি ঘটনার প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ময়নাতদন্ত ছাড়াই নাবালিকার দেহ দাহ করার ব্যবস্থা করেন।
এরপর রাজ্যে রাজনৈতিক পালাবদল হলে অবশেষে গত ১১ জুলাই মৃতার পরিবার পাত্রসায়ের থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রোহিত মল্লিক ও রুম্পা মল্লিককে গ্রেফতার করে। আদালতে পেশের পর তাদের জিজ্ঞাসাবাদে গোটা ঘটনায় পূরবী দত্ত মল্লিকের যুক্ত থাকার তথ্য উঠে আসায় গত রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পূরবী দত্ত মল্লিক। তার দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।


















