নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ- সম্প্রতি টেট সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রত্যেক প্রাথমিক শিক্ষককে টেট (টিচার্স এলিজিবিলিটি টেস্ট) উত্তীর্ণ হতে হবে। যে সমস্ত শিক্ষকরা টেট উত্তীর্ণ নন, তাঁদের প্রত্যেককেই টেট পাস করতেই হবে। সুপ্রিম কোর্টের এই আদেশ পুর্নবিবেচনার দাবিতে বর্ধমানে পথে নেমে আন্দোলন শুরু করল আর এস এসের শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ।
বৃহস্পতিবার বর্ধমান টাউন হল থেকে মিছিল করে সংগঠনের সদস্যরা কার্জন গেটে পৌঁছন ও প্রতিবাদ প্রদর্শন করেন। পরে সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমানে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিনের কর্মসূচি ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।
এদিন এই সংগঠনের জেলা সভাপতি ধ্রুবজ্যোতি ঘোষ বলেন, “সুপ্রিম কোর্টের এই আদেশ যাতে পুর্নবিবেচনা হয় এবং সরকার যাতে নতুন করে এই বিষয় নিয়ে শিক্ষকদের পাশে দাঁড়ান সেই আবেদন তাঁরা রাখছেন।” তিনি জানান, ২০২১ সালের আগে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছন। সেই সময় যে আইন ছিল সেই আইনবলে তাঁরা নিয়োজিত হয়েছেন। কিন্তু এখন তাঁদের টেট পরীক্ষায় পাশ করতে হবে – এ আদেশ সঠিক নয়। তাহলে সমস্ত ক্ষেত্রের পেশাতেও এই নিয়ম লাগু করা হোক।
অন্যদিকে সংগঠনের জেলা সম্পাদক পার্থসারথী ঘোষ বলেন,” ইতিমধ্যেই বহু শিক্ষকের বয়স হয়ে গেছে। তাহলে তাঁরা কিভাবে পরীক্ষা দেবেন। তাই এই আদেশ পুর্নবিবেচনা এবং সরকারী হস্তক্ষেপ দাবী করছেন তাঁরা।”
সুপ্রিম কোর্টের রায়ে টেট পাস করার জন্য নতুন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩১ আগস্ট, ২০২৮। তবে যাঁদের অবসরের আর মাত্র ৫ বছরের কম সময় বাকি আছে, তাঁদের টেট পাস করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে পদোন্নতির জন্য তাঁদেরও টেট পাস করতে হবে।

















