শুভ্রাচল চৌধুরী, দুর্গাপুরঃ- সমাজের নীরব কর্মী ও সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা ব্যক্তিদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল ‘দ্য আর্ট অব লিভিং’। সংগঠনের ৪৫ বছর পূর্তি এবং প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার দুর্গাপুর সৃজনী অডিটোরিয়াম হলে আয়োজিত হলো ‘আনসাং এভরিডে হিরোজ অ্যাওয়ার্ডস সেরিমনি’।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে কাজ করে চলা এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় এদিন। সম্প্রতি গ্রামের আলপনায় আন্তর্জাতিক মঞ্চে নজর কেড়েছিলেন ছাতনার পম্পা। নিয়ে এসেছিলেন গোল্ড মেডেল পুরস্কার। তাই তার সৃষ্টিকে সম্মান জানাতে ও অনেকের অনুপ্রেরণার কারণ হওয়ার জন্য ‘আনসাং এভরিডে হিরোজ’ এই বিশেষ সম্মানে তাকে সম্মানিত করা হয় এদিন। এদিনের অনুষ্ঠানে চিত্রশিল্পী ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ, সমাজকর্মী, শিক্ষাবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



















