নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে পালা বদলের পর থেকে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি তোলাবাজি সন্ত্রাস সহ একাধিক উভিযোগ উঠছে। কড়া পদক্ষেপ করছে পুলিশ প্রশাসনও। এই আবহে এবার বিজেপি নেত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠল দুর্গাপুরে। প্রতিবাদ করে আক্রান্ত হয়েছেন এক বিজেপি কর্মী ও তার ভাই। গুরুতর জখম অবস্থায় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বিজেপি কর্মী।
অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিজেপি নেত্রী মৌসুমী দত্ত ৫০ হাজার টাকা নিয়েছিলেন বিজেপি কর্মী ওমপ্রকাশ প্রসাদের কাছ থেকে। কিন্তু চাকরি না মেলায় ওমপ্রকাশ ওই টাকা ফেরৎ চান। ওমপ্রকাশের দাবি, টাকা ফেরৎ চাওয়ায় মৌসুমী দত্তের উপস্থিতিতেই তার অনুগামীরা হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার ভাইও। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর দুর্গাপুর থানায় মৌসুমী দত্ত ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিজেপি নেত্রী মৌসুমী দত্ত।
অন্যদিকে তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতা সুমন্ত মণ্ডল দাবি করেছেন ওই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।


















