নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পরিবহণ শ্রমিকদের একাধিক ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আগামী ১৮ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে সর্বভারতীয় পরিবহণ শ্রমিক সমাবেশ। সেই কর্মসূচিতে যোগ দিতে দুর্গাপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসবিএসটিসি) শাখার ৬২ জন পরিবহণ শ্রমিক।
শ্রমিকদের যাতায়াতের সুবিধার্থে সংগঠনের তরফে একটি বিশেষ বেসরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। ‘ভারতীয় মজদুর সংঘ, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, দুর্গাপুর’-এর ব্যানার লাগানো ওই বাসে করে এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কর্মীরা।
সংগঠন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ নভেম্বর রামলীলা ময়দানের মূল সমাবেশে পরিবহণ ক্ষেত্রের বর্তমান নানা সমস্যা, কর্মক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। নিজেদের দাবির পক্ষে দিল্লির রাজপথে সরব হতে দুর্গাপুরের এই ৬২ জন পরিবহণ শ্রমিকের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে।