এই বাংলায় দক্ষিণ বাংলা

কুম্ভের আদলে গঙ্গাসাগর মেলা, এআই নজরদারি থেকে ১৬টি নতুন জেটি—প্রস্তুতি শুরু রাজ্যের

By Eaibanglai - November 16, 2026
— Advertisement —
Advertisement
কুম্ভের আদলে গঙ্গাসাগর মেলা, এআই নজরদারি থেকে ১৬টি নতুন জেটি—প্রস্তুতি শুরু রাজ্যের

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- গঙ্গাসাগর মেলাকে দেশের অন্যতম আধুনিক ও সুশৃঙ্খল তীর্থসমাবেশে পরিণত করার লক্ষ্যে রাজ্য সরকার জোরকদমে প্রস্তুতি শুরু করেছে । কুম্ভ মেলার আদলে পরিকাঠামো, নিরাপত্তা এবং যাত্রী পরিষেবা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই  সাগরদ্বীপে গিয়ে মেলা প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। তাঁর নেতৃত্বে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের একটি দল মেলা প্রাঙ্গণ, ফেরিঘাট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করে।
মুখ্যসচিব এ দিন কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকা, মেলা প্রাঙ্গণ এবং বিভিন্ন পরিষেবা কেন্দ্র ঘুরে দেখেন। পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, শৌচাগার, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং সামগ্রিক নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি পুণ্যার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা এবং মেলা প্রাঙ্গণের সৌন্দর্যায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

পরিদর্শনের পর মুখ্যসচিব জানান, ২০২৭ সালের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। মেলার পরিসর বাড়ানোর পাশাপাশি দেশ-বিদেশ থেকে আগত পুণ্যার্থীদের জন্য আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

মকর সংক্রান্তিকে কেন্দ্র করে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম  সামাল দিতে এবার কচুবেড়িয়া এবং লট নম্বর ৮ ফেরিঘাটে সাত থেকে আটটি করে নতুন জেটি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে ফেরি পরিষেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত রাখতে  মেলা প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত নজরদারি ক্যামেরা বসানো হবে। কোনও এলাকায় অতিরিক্ত ভিড় জমলেই সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। পরিস্থিতি বিশ্লেষণ করে সঙ্গে সঙ্গে বিকল্প পথে পুণ্যার্থীদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এই প্রযুক্তি পদপিষ্ট হওয়ার মতো দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই কমাবে এবং ভিড় নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, এ বার মেলায় একাধিক নতুন পরিষেবারও পরিকল্পনা রয়েছে। পুণ্যার্থীদের সুবিধার্থে হেলিকপ্টার পরিষেবা চালুর ভাবনা রয়েছে। পাশাপাশি আধুনিক তীর্থনিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কপিলমুনি মন্দির থেকে সাগর সৈকত পর্যন্ত বিস্তীর্ণ এলাকা আলোকসজ্জায় সাজিয়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

পরিবহণ ব্যবস্থাতেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, রাজ্য সরকার ৪০টি নতুন ভলভো বাস আনছে। পুরী-সহ বিভিন্ন ধর্মীয় গন্তব্যে এই বাস চালানোর পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, বাঙালি পর্যটকদের কথা মাথায় রেখে পুরী রুটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি তারকেশ্বর–পুরী, পুরী–শিলিগুড়ি, তারকেশ্বর–শিলিগুড়ি এবং কলকাতা থেকে বিভিন্ন গন্তব্যে এই বিলাসবহুল বাস চালানোর পরিকল্পনা রয়েছে। সরকারি বাস পরিষেবাকে ধাপে ধাপে সংযুক্ত করে একটি সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ ডিসেম্বর গঙ্গাসাগরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগেই সমস্ত প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রস্তুতি যাচাই করতেই মুখ্যসচিবের এই সফর। প্রশাসনের লক্ষ্য, নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করে ২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে আরও নিরাপদ, আধুনিক এবং আন্তর্জাতিক মানের তীর্থসমাবেশ হিসেবে গড়ে তোলা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement