সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- মাত্র দুই ঘণ্টার মধ্যে এক মহিলার হারিয়ে যাওয়া পার্স উদ্ধার করে নজির গড়ল রানিগঞ্জ থানার অন্তর্গত আমরাসোতা আউটপোস্টের পুলিশ। উদ্ধার হওয়া পার্সের ভেতর থাকা নগদ ৩৫ হাজার টাকা, সোনার দুটি মূল্যবান লকেট এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওই মহিলা ও তাঁর পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারিনা কুমারী নামের ওই মহিলা সোমবার দুপুরে বোনের বিয়ের আসবাবপত্র কেনার জন্য স্থানীয় বাজারে গিয়েছিলেন। কেনাকাটার সময় অসাবধানতাবশত তাঁর পার্সটি হারিয়ে যায়। পার্সের ভেতরে বিয়ের জন্য রাখা নগদ ৩৫ হাজার টাকা, দুটি সোনার লকেট ও জরুরি নথিপত্র থাকায় চরম দুশ্চিন্তায় পড়ে যান তিনি। ঘটনাটি জানার পরই পরিবারের সদস্যরা দ্রুত আমরাসোতা আউটপোস্টে গিয়ে পুলিশকে পুরো বিষয়টি জানান।
বিষয়টির গুরুত্ব বুঝে মুহূর্তের মধ্যে সক্রিয় হন আউটপোস্টের এএসআই নাজিমুল হুদা। তাঁর নেতৃত্বে দ্রুত তল্লাশি ও খোঁজখবর শুরু করে পুলিশ এবং মাত্র দুই ঘণ্টার মধ্যেই পার্সটি উদ্ধার করতে সক্ষম হয়। ভেতরে থাকা সমস্ত টাকা, সোনার গয়না ও নথিপত্র অক্ষত অবস্থায় ফিরে পেয়ে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। রানিগঞ্জ পুলিশের এই মানবিক ও দ্রুত কর্মতৎপরতার প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারাও।