সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- লোকআস্থার মহাপর্ব ছটপুজোর আনন্দের মধ্যেই সোমবার সকালে পাণ্ডবেশ্বরের গায়ঘাটা ঘাটে নেমে এল শোকের ছায়া। সূর্যদেবকে অর্ঘ্য দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে প্রাণ হারালেন স্থানীয় বাসিন্দা বিনোদ নোনিয়া। এই মর্মান্তিক দুর্ঘটনার পর ঘাটে উপস্থিত পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। সেখানে উপস্থিত হন এসিপি (আন্ডাল ডিভিশন) দীপ কুমার দাস, পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুশোভন বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিডিও এবং জয়েন্ট বিডিও-সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন।
এদিকে এই মৃত্যুর পর ছটঘাটগুলির বিদ্যুৎ ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি, ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রতিটি ঘাটে বিদ্যুৎ সংযোগের সঠিক পরীক্ষা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি উঠেছে।