নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জঙ্গলে টেনে নিয়ে গিয়ে আদাবাসী কিশোরীকে গণধর্ষণ। দুর্গাপুরে গ্রেফতার চার যুবক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ গণতান্ত্রিক মহিলা সমিতির।
জানা গেছে, বুধবার রাতে দুর্গাপুর থানা এলাকার কমলপুরে মেলা দেখতে গিয়েছিল আদিবাসী কিশোরীটি। অভিযোগ কিশোরীকে একা পেয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে চার যুবক। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। নির্যাতিতা কিশোরীরে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কিশোরীর পরিবারের তরফে দুর্গাপুর থানার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তৎপরতা দেখায় পুলিশ এবং অজয় সোরেন, লক্ষ্মণ রবীন বাস্কে, বুধন টুডু ও রাজু মান্ডিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চারজনই কিশোরীর প্রতিবেশী। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে দুর্গাপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে সংগঠনের প্রতিনিধিরা থানায় একটি ডেপুটেশনও জমা দেন। সংগঠনের পক্ষ থেকে দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আবেদনও জানানোও হয়।










