নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- যত ভোট এগিয়ে আসছে, শিল্পাঞ্চলে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। এবার শাসক দলের ব্যানার খুলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শহরে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘটনাটি ঘটেছে এবিএল হাসপাতাল গেট চত্বর এলাকায়। শাসক দলের দাবি ওই এলাকায় দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে যে ব্যানার লাগানো হয়েছিল সেগুলি রাতের অন্ধকারে কেউ বা কারা সরিয়ে ফেলেছে। তাদের অভিযোগের তির রাম-বাম উভয় শিবিরের দিকেই। তাদের প্রশ্ন “অন্য দলের ব্যানার অক্ষত থাকলেও কেন শুধুমাত্র তৃণমূলের ব্যানার সরানো হলো?”
শুক্রবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রতিবাদে রাস্তায় নেমে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
বিষয়টি নিয়ে সরব হন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করে বলেন, “ব্যানার ফেস্টুন ছিঁড়ে নির্বাচনে জেতা যায় না। এগুলো সব উস্কানিমূলক প্ররোচনামূলক কাজ। আমারা আমাদেক সহকর্মীদের সাবধান করেছি যাতে এই ধরণের প্ররোচনার ফাঁদে পা না দেয়। মানুষ দেখছে কীভাবে আমাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে।”
অন্যদিকে ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া দেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এ ধরনের ঘটনা তৃণমূলেরই সংস্কৃতি, বিজেপির নয়। বিজেপি দেওয়াল দখল পোস্টার দখল এই রাজনীতি করে না। আমরা মানুষের মন দখলে বিশ্বাস করি। তাই আজ দেশের ১৯টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে।”


















