সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতের অন্ধকারে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র-সহ মোট ১০ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে সাইকেলের চেন এবং বেসবল ব্যাট। একসঙ্গে ১০ জনের গ্রেফতারির ঘটনায় তীব্র চাঞ্চল্য ও জল্পনা ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ছয়জন পাণ্ডবেশ্বরের ডিভিসি বাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তাঁরা হলেন— বিনোদ বেদ, সুন্দর যাদব, শেখ ফারহান, তাপস বেদ, পবন চৌহান এবং কবিরাজ বেদ। এছাড়া ঝাড়খণ্ডের জামতাড়ার মিহিজাম এলাকার তিন বাসিন্দা সন্তোষ পাশি, দেব কুমার এবং মানা পাশিকে গ্রেফতার করা হয়েছে। অপর ধৃত সাদ্দাম খান জামুড়িয়ার হোসেন নগর এলাকার বাসিন্দা।
কী উদ্দেশ্যে রাতের অন্ধকারে এই আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন এবং বেসবল ব্যাট নিয়ে তাঁরা জড়ো হয়েছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বড় কোনও অপরাধমূলক ছক কষা হচ্ছিল কি না, কিংবা ধৃতদের সঙ্গে আন্তঃরাজ্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই চক্রের পিছনে আরও কেউ জড়িত কি না, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই সূত্র খোঁজা হচ্ছে।