এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- দূরপাল্লার বাসযাত্রার চেনা ছবিটাই এবার বদলাতে চলেছে। রাতভোর বাসে বসে বসে সফরের বদলে এবার সরকারি বাসেই মিলতে চলেছে শুয়ে যাওয়ার আরাম। যাত্রী স্বাচ্ছন্দ্য ও আধুনিক পরিষেবার কথা মাথায় রেখেই রাজ্যের সরকারি পরিবহণ ব্যবস্থায় যুক্ত হতে চলেছে অত্যাধুনিক ভলভো স্লিপার বাস। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) বহরে এই প্রথম জায়গা করে নিতে চলেছে ভলভোর ৯৬০০ সিরিজের মাল্টি-অ্যাক্সেল এসি স্লিপার বাস। সরকারি পরিবহণের পরিচিত পরিষেবায় এই সংযোজন নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করতে চলেছে।
পরিবহণ নিগম সূত্রে খবর, বেঙ্গালুরুর ভলভো কারখানা থেকে ইতিমধ্যেই ছ’টি নতুন বাস রাজ্যে এসে পৌঁছেছে। তার মধ্যে দু’টি স্লিপার এবং চারটি ইকোনমি মডেলের সিটার বাস। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চারটি স্লিপার বাস এসবিএসটিসি-র হাতে তুলে দেওয়া হতে পারে। যাত্রী চাহিদা এবং পরিষেবার প্রয়োজন বিচার করে পরবর্তী সময়ে বাসের সংখ্যা বাড়ানোরও সম্ভাবনা রয়েছে।
কোন রুটে চলবে নতুন বাস? প্রাথমিক ভাবে কলকাতা - শিলিগুড়ি এবং কলকাতা-পুরী রুটে এই স্লিপার বাস চালানোর পরিকল্পনা রয়েছে বলে পরিবহণ নিগমের এক আধিকারিক জানিয়েছেন। দু’টি রুটেই রাতের যাত্রীর সংখ্যা যথেষ্ট বেশি। ফলে দীর্ঘ পথের সফরে যাত্রীদের আরাম দিতে এই পরিষেবা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদিও কোন রুটে শেষ পর্যন্ত বাসগুলি চালানো হবে এবং কবে থেকে পরিষেবা শুরু হবে, তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
নতুন বাসের মূল আকর্ষণ তার ভিতরের সাজসজ্জা ও আধুনিক সুযোগ-সুবিধা। প্রতিটি স্লিপার কেবিনে থাকছে প্রশস্ত বার্থ, উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যক্তিগত মোবাইল চার্জিং পোর্ট, রিডিং লাইট, ইনফোটেনমেন্ট স্ক্রিন এবং অ্যাম্বিয়েন্ট লাইটিং। বড় প্যানোরামিক জানলা দিয়ে সফরের সময় বাইরের দৃশ্য দেখার সুযোগও থাকবে। অর্থাৎ, দীর্ঘ রাতের সফরে যাত্রীদের জন্য নিছক যাতায়াত নয়, আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেওয়াই লক্ষ্য।
যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি চালক ও যাত্রীদের নিরাপত্তাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাসগুলিতে থাকছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) এবং ইলেকট্রনিক ভেহিকল স্টেবিলিটি কন্ট্রোল (ইভিএসসি)। আধুনিক এই প্রযুক্তি গাড়ি নিয়ন্ত্রণে চালককে সহায়তা করার পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি কমাতেও সাহায্য করবে। চালকের জন্য থাকছে বিশেষ আরামদায়ক আসন, আধুনিক কার্ভড ইনস্ট্রুমেন্ট কনসোল এবং সূর্যের আলো থেকে চোখ বাঁচাতে বিশেষ সান-ভাইজরযুক্ত কাঁচ।
বাসের বাইরের নকশাতেও রয়েছে বাংলার ছাপ। সাদা ও গেরুয়া রঙে সাজানো হয়েছে নতুন ভলভোগুলিকে। গায়ে ফুটিয়ে তোলা হয়েছে হাওড়া ব্রীজ এবং দক্ষিণেশ্বর মন্দিরের মতো বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের ছবি। ফলে আধুনিক প্রযুক্তির পাশাপাশি রাজ্যের ঐতিহ্যকেও তুলে ধরবে এই বাস।
এক একটি ভলভো ৯৬০০ সিরিজের স্লিপার বাসের আনুমানিক দাম দেড় থেকে দু’কোটি টাকা। প্রতিটি বাসে ৪৩টি আসন রয়েছে বলে জানা গিয়েছে। তবে বাসগুলি শেষ পর্যন্ত এসবিএসটিসি-র হাতে থাকবে, নাকি পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগমের (ডব্লিউবিএসটিসি) হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
কলকাতা বাসওপিডিয়া-র সাধারণ সম্পাদক অনিকেত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বছরের গোড়ায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) স্লিপার ভলভো পেয়েছিল। এবার দক্ষিণবঙ্গের পরিবহণ নিগমের বহরেও এই ধরনের বাস যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, বেসরকারি সংস্থার বিলাসবহুল স্লিপার বাসের ভাড়া সাধারণত বেশি। সরকারি পরিবহণ নিগম তুলনামূলক কম খরচে একই ধরনের পরিষেবা দিতে পারলে যাত্রীরা উপকৃত হবেন।
তবে নতুন পরিষেবার ক্ষেত্রে ভাড়া কত হবে, সেটাই এখন বড় প্রশ্ন। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের যে সুবিধা রয়েছে, বিলাসবহুল স্লিপার পরিষেবাতেও তা কার্যকর হবে কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে যাত্রীদের মধ্যে। সব মিলিয়ে, সরকারি দূরপাল্লার বাস পরিষেবাকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তোলার পথে নতুন পদক্ষেপ করতে চলেছে রাজ্য।
এত দিন বিলাসবহুল স্লিপার বাসের কথা উঠলেই যাত্রীদের চোখ থাকত মূলত বেসরকারি পরিবহণ সংস্থার দিকে। এবার সরকারি বাসেই যদি তুলনামূলক কম খরচে সেই আরাম মেলে, তা হলে দূরপাল্লার যাত্রার বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হতে পারে। এখন অপেক্ষা শুধু রুট, ভাড়া এবং পরিষেবা শুরুর চূড়ান্ত ঘোষণার।