সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বন্ধ বাড়ির তালা ভেঙে চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ল এক চোর। তবে তার আরও দুই সঙ্গী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আসানসোলের হিন্দুস্তান পার্ক এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরে ধৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিন্দুস্তান পার্কের ওই বাড়িটিতে তালা লাগানো ছিল। সেই সুযোগে তিনজনের একটি দল দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে চুরির ছক কষছিল। সেই সময় বাড়ির ভিতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান এক প্রতিবেশী। সন্দেহ হওয়ায় তিনি দ্রুত পাশের বাড়ির এক পরিচিতকে ফোনে বিষয়টি জানান।
খবর ছড়াতেই মাত্র ১০ মিনিটের মধ্যে এলাকার বহু মানুষ সেখানে জড়ো হয়ে যান। দরজার তালা ভাঙা দেখে ভিতরে চোর ঢোকার বিষয়টি স্পষ্ট হতেই বাসিন্দারা গোটা এলাকা ঘিরে ফেলেন এবং পুলিশে খবর দেন। বেগতিক দেখে দুই দুষ্কৃতী পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত তাকে আটকে রাখা হয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং পলাতক বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রতিবেশীদের সময়মতো একজোট হওয়ার কারণেই বড়সড় চুরি রোখা সম্ভব হয়েছে বলে মনে করছেন বাসিন্দারা। তবে এই ঘটনার পর এলাকার বন্ধ বাড়িগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।