সংবাদদাতা,আসানসোলঃ- পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনায় সালানপুর ব্লকের রূপনারায়ণপুর নান্দনিক হলে শুরু হলো তিন দিনব্যাপী ‘সেবা সেতু’ অভিযান। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিশেষ শিবির চলবে। প্রথম দিন থেকেই রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিতে সাধারণ মানুষের উৎসাহ ও ভিড় ছিল চোখে পড়ার মতো।
এই শিবিরের মাধ্যমে রাজ্য সরকারের যাবতীয় প্রকল্প—যেমন অন্নপূর্ণা যোজনা, বিধবা পেনশন, বার্ধক্য ভাতা এবং ১০০ দিনের কাজের (জব কার্ড) নতুন রেজিস্ট্রেশন ও নাম সংশোধনের কাজ চলছে। তবে শিবিরের প্রথম দিনে সবচেয়ে নজরকাড়া ও ভিড়ে ঠাসা দৃশ্য ছিল অন্নপূর্ণা যোজনার কাউন্টার গুলিতে। প্রখর রোদ ও গরম উপেক্ষা করেই বহু মহিলাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।
শিবিরে আসা একাধিক আবেদনকারী মহিলার অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় নথি বহু আগে জমা দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁদের আবেদনের স্ট্যাটাসে ‘আন্ডার প্রসেস’ বা ‘ক্যান্সেল’ দেখাচ্ছে । ফলে বাধ্য হয়ে আবার নতুন করে আবেদনের জন্য তাঁরা এই শিবিরে উপস্থিত হয়েছেন।
বিষয়টি নিয়ে সালানপুর ব্লক মণ্ডল-৪ এর সভাপতি চিন্ময় তিওয়ারি প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, "যেসব যোগ্য মহিলারা এতদিন ধরে ফর্ম জমা দিয়েও টাকা পাচ্ছেন না বা যাঁদের আবেদন বাতিল দেখাচ্ছে, তাঁদের বিষয়টি প্রশাসনের অবিলম্বে দেখা উচিত। যে সকল প্রকৃত যোগ্য ব্যক্তি রয়েছেন, তাঁদের যেন দ্রুত এই সামাজিক সুরক্ষার আওতায় আনা হয়।"
অন্যদিকে শিবির সূত্রে জানা গিয়েছে, নতুন নিবন্ধনের পাশাপাশি আগে জমা পড়া আবেদনপত্র গুলি পুনরায় ভেরিফিকেশন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে অযোগ্য আবেদনকারীদের বাতিল করে, প্রকৃত যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করা হবে এবং দ্রুত সরকারি ভাতা পৌঁছানোর ব্যবস্থা করা হবে।