সংবাদদাতা,উত্তরবঙ্গঃ- উৎসবের মরসুমে উত্তরবঙ্গের বন্ধ ও অচল চা বাগানের শ্রমিকদের আর্থিক সংকট লাঘব করতে এককালীন আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের এই বিশেষ উদ্যোগে পাহাড়, তরাই ও ডুয়ার্সের বিভিন্ন বন্ধ চা বাগানের মোট ১৯ হাজার ৫২৪ জন শ্রমিক এককালীন ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান পাবেন। এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের রাজকোষ থেকে মোট ৯ কোটি ৭৬ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।
তরাই, ডুয়ার্স ও পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চলে গড়ে ওঠা চা শিল্পকে কেন্দ্র করেই মূলত উত্তরবঙ্গের অর্থনীতি আবর্তিত হয়। এই শিল্পের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্ভরশীল হলেও, বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে একাধিক চা বাগান বন্ধ বা অচল হয়ে রয়েছে। ফলে কাজ হারিয়ে তীব্র আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন শ্রমিক পরিবারগুলি। বিশেষ করে উৎসবের দিনগুলিতে তাঁদের এই দুর্ভোগ ও নিত্যদিনের চাপ আরও বহুগুণ বেড়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে শ্রমিকদের সাময়িক স্বস্তি দিতেই রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, চিহ্নিত চা শ্রমিকদের এই অনুদানের অর্থ সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। উৎসবের মরসুমে এই সাহায্য অচল চা বাগান এলাকার পরিবারগুলির নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে এবং আর্থিক চাপ কিছুটা হ্রাস করতে সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।