সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– রানিগঞ্জে ইসিএলের ( ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড) উচ্ছেদ অভিযানে তৃণমূল নেতার কার্যালয়ে চচলো বুলডোজার। গুঁড়িয়ে দেওয়া হল কার্যালয় ভবন,বাজেয়াপ্ত করা হয় আসবাবপত্র। ঘটনায় এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে।
অভিযোগ ইসিএলের জমিতে অবৈধভাবে তৃণমূল কংগ্রেস নেতা বিনোদ নোনিয়ার ওই দলীয় কার্যালয় তৈরি করা হয়েছিল। এদিন প্রশাসন ও ইসিএলের আধিকারিকরা বিপুল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। অভিযান চলাকালীন চাপুই কোলিয়ারির এইচআর সোমু তিওয়ারি এবং রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ-এর উপস্থিতিতে ওই কার্যালয়ের ভিতরে থাকা সোফা, টেবিল, চেয়ার-সহ বিভিন্ন আসবাবপত্র বাজেয়াপ্ত করা হয়। এরপর বুলডোজার দিয়ে ভবনটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। এই অভিযান দেখতে বহু স্থানীয় বাসিন্দা ভিড় জমান।
ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্থার জমিতে কোনও ধরনের অবৈধ দখল বা নির্মাণ বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


















