সঙ্গীতা চৌধুরীঃ- আজ অম্বুবাচীর তিথিতে শ্রী সারদা দেবীর এক চমৎকার ঘটনার উল্লেখ করব। শ্রী শ্রী মায়ের স্মৃতিকণা বইতে মুকুলবালা দেবী বলেছেন তার যখন মাত্র পাঁচ বছর বয়স তখন একদিন তাদের বাড়িতে ভীষণ বায়না ধরে তিনি ক্রমাগত কাঁদতে থাকেন। ক্রমাগত তিনদিন ধরে সেই কান্নার জের আর যেন শেষ হতে চায় না ! বাড়ির সকলেই তাতে মহা ভাবনায় পড়লেন।
অভিভাবকদের মনে হল তার অর্থাৎ মুকুলবালাদেবীর বোধহয় কোন শক্ত অসুখ হয়েছে। ডাক্তার, রোজা-সবাইকে একে একে ডাকানো হলো। কিন্তু তাতে কোনই ফল হলো না। তাঁরা কেউই তার সেই কান্না থামাতে পারলেন না। জানিনা মনে মনে কি ভেবে মুকুলবালা দেবীর দিদিমা তখন তাকে শেষকালে শ্রীশ্রীমায়ের কাছে নিয়ে গেলেন। মুকুলবালা দেবী শ্রীমায়ের কোলে উঠে ও তাঁর মুখের পান খেয়ে তাঁর শান্তিময় কোলে আরামে ঘুমিয়ে পড়েন। হঠাৎ কোথায় গেল তার কান্না ! এক মুহূর্তে তখনই সেরে গেল তার র সেই ‘শক্ত অসুখ’। দিদিমার মুখে এ-সম্বন্ধে পরে তিনি শুনেছিলেন-শ্রীমা তাঁকে বলেছিলেন : “আমার কাছে ও আসবে বলে কেঁদেছে। অসুখ নয় কিছু।” সেদিন ওখানে খিচুড়ি প্রসাদ পেয়ে তারপর দিদিমার সঙ্গে দুদিন ধরে শ্রীশ্রীমায়ের কাছে থেকে তারপরে বাড়িতে চলে আসেন তিনি।



















