নিজস্ব সংবাদদাতা,দুর্গপুরঃ- এবারের বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিমের আসনটিতে প্রার্থী পদে চমক দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসর। হারানো আসনটি ফিরে পেতে দলীয় নেতৃত্ব ভরসা রেখেছেন এডিডিএ-এর চেয়ারম্যান তথা দুর্গাপুরের পরিচিত ব্যবসায়ী মুখ কবি দত্তের উপর। বুধবার নির্বাচনী প্রচারে মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। রাজনৈতিক মঞ্চের বাইরে থেকেও সাধারণ মানুষের সঙ্গে তাঁর সহজ যোগাযোগ সকলের নজর কাড়ে ।
এদিন তিনি দুর্গাপুর নগর নিগমের ২১ নম্বর ওয়ার্ড ও ২২ নম্বর ওয়ার্ডের ভিন্ন প্রান্ত পদযাত্রার মাধ্যমে প্রদক্ষিণ করেন। প্রথমে ২১ নম্বর ওয়ার্ডের মাতৃ মন্দির সংলগ্ন হনুমান মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা শুরু করেন প্রার্থী। ৫৪ ফুটের এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তিনি। এরপর সিটিসেন্টার ডেইলি মার্কেট সংলগ্ন হাউসিং কলোনি এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন । প্রচারের ফাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন ও তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন।
এদিন নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আপ্লুত কবি দত্ত বলেন, “আমি পেশাদার রাজনীতিবিদ নই। তবুও মানুষের কাছ থেকে যে আন্তরিক ভালোবাসা ও সমর্থন পাচ্ছি, তা গভীরভাবে অনুপ্রাণিত করছে। মানুষের যে ভালোবাসা পাচ্ছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এই ভালোবাসার মর্যাদা রাখার চেষ্টা করব।”
এদিনের প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় কর্মী ও সমর্থকরা।



















