সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিত্যনতুন প্রচারে চমক দিতে চাইছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। আসানসোলেও জমে উঠেছে ভোট প্রচার। কেউ বিপক্ষকে কটাক্ষ করতে প্রচারে গিয়ে চপ ভাজছেন তো কেউ তার পাল্টা হিসেবে ঘুগনি খাচ্ছেন।
আসানসোল পুরনিগমের কুলটির ৭৪ নম্বর ওয়ার্ডের মিঠানি গ্রামে গত ২১ মার্চ থেকে শুরু হয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম মহোৎসব ২০২৬। রামকৃষ্ণ দেবের জন্মোৎসব উপলক্ষে চলছে ২৪ প্রহর সংকীর্তন, সাংস্কৃতিক উৎসব আর গ্রামীণ মেলা। যা চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। গত বুধবার রাতে এই মেলাকেই জনসংযোগের একটা মাধ্যমে করে প্রচার সারলেন কুলটি বিধানসভার তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক। মেলায় মণিহারী থেকে খেলনা দোকান, সবার কাছে পৌঁছে গেলেন শাসক দলের প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা ও সেলফিতে ধরা দিলেন একেবারে ঘরের মানুষ হিসেবে। তবে, প্রচারে এসে শুধু আড্ডা হলো এমনটা নয়। শাসক দলের প্রার্থী একইসাথে দিলেন কড়া রাজনৈতিক বার্তাও।
সম্প্রতি, আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ভোট প্রচারে বেরিয়ে চপ ভেজে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ ও কটাক্ষ করেছিলেন। এদিন তার পাল্টা জবাব দিলেন অভিজিৎ ঘটক। মেলায় নিজে খেলেন ঘুগনি। সঙ্গে থাকা কর্মীদেরও খাওয়ালেন। আর এই খাওয়াদাওয়ার পাশাপাশি দিলেন রাজনৈতিক বার্তাও। তিনি বলেন, “চপ, ঘুগনি বা ফুচকাকে ব্যঙ্গ করাটা ঠিক নয়। বরং এইসব কিছুই শিল্প। মেলায় এইসব বিক্রি করেই গ্রামের শত শত মানুষ রুটি-রুজির সংস্থান করেন।”
শ্রমজীবী মানুষের এই উপার্জনকে সম্মান জানিয়ে মেলায় ভোট প্রচার সারেন তৃণমূল প্রার্থী। যা আসলে বিরোধীদের কটাক্ষের জবাব বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।



















